ফেনীর দাগনভূঞা উপজেলার দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইউনিয়নের ভোটারদের অভিযোগ, তিনি প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বেলায়েত হোসেন।
এ ছাড়া সংরক্ষিত আসনে দুজন নারী সদস্য এবং দুজন সাধারণ সদস্য একইভাবে নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ আছে। ১১ আগস্ট সন্ধ্যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় তাঁদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এদিকে এলাকার বেশ কয়েকজন ভোটার অভিযোগ করেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগের রাত থেকে ছাত্রলীগ-যুবলীগের বেশ কিছু নেতা–কর্মী চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের পক্ষে এলাকায় প্রকাশ্যে মহড়া দেন এবং অপর প্রার্থীদের বাড়ি গিয়ে ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেন। একই কায়দায় দুই নারী সদস্য ও দুই সাধারণ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তবে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে একজন চেয়ারম্যান প্রার্থী জানান, আগে জান বাঁচানো ফরজ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রার্থীদের কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে তাঁকে সমর্থন করেই প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী জানান, ১১ আগস্ট দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ওই দিন ছয়জন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু নাছের, মো. নুর নবী, আবু সাঈদ, এ জেড এম গোলাম রসুল, মো. ইস্রাফিল ও এ বি এম মোস্তাফিজুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে, বেলায়েত হোসেন একক প্রার্থী হওয়ায় তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ ছাড়া প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিউটি আক্তার, রিনা হালিম, মো. শাহীন আলম ও রফিকুল ইসলামকে বেসরকারিভাবে ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী ২৭ আগস্ট শুধু সাতটি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
অপর দিকে, দাগনভূঞার পাশাপাশি একই দিন অনুষ্ঠিত হবে উপজেলার রামনগর ইউনিয়ন ইউপির নির্বাচন। এই ইউনিয়নের চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় আছের চারজন। প্রার্থীরা হলেন আবুল হাসেম, এ কে এম কামাল উদ্দিন, মোহাম্মদ আনোয়ারুল কাবীর ও মো. আহছান উল্যাহ।